Views Bangladesh Logo

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, আতঙ্কে এলাকাবাসী

মাদারীপুর সদর উপজেলায় একটি পরিত্যক্ত টিনশেড ঘরে হাতবোমা বিস্ফোরণে ঘরটির বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটমাঝি ইউনিয়নের দক্ষিণ ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় হঠাৎ ওই পরিত্যক্ত ঘর থেকে বিকট শব্দ শোনা যায়। পরে ঘটনাস্থলে গিয়ে তারা ধোঁয়া ও পোড়া গন্ধ দেখতে পান। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে।

পুলিশ বলছে, এলাকায় নাশকতা সৃষ্টি নাকি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই হাতবোমা রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ ঝিকরহাটি এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম খান প্রায় সাত বছর ধরে খুলনায় বসবাস করছেন। তার বাড়ির একটি টিনশেড ঘর দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। ওই ঘরেই বিস্ফোরণের ঘটনা ঘটে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, হাতবোমার বিস্ফোরণে পরিত্যক্ত ঘরটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। জড়িতদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় পুলিশের টহলও বাড়ানো হয়েছে। ঘটনাটি নাশকতার উদ্দেশ্যে ঘটানো হয়েছিল কি না, নাকি স্থানীয় কোনো বিরোধের জেরে বিস্ফোরণ ঘটানো হয়েছে—তা তদন্তের পর স্পষ্ট হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ