হামজারা এখন সিঙ্গাপুরে
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন সিঙ্গাপুরে অবস্থান করছে। শুক্রবার (২৭ মার্চ) ভিয়েতনাম থেকে সরাসরি সেখানে পৌঁছেছেন হামজা চৌধুরী ও অধিনায়ক জামাল ভূঁইয়ারা।
আগামী মঙ্গলবার (৩১ মার্চ) স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়েই শেষ হচ্ছে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই পর্ব। এই ম্যাচে জয় দিয়েই অভিযান শেষ করতে চায় লাল-সবুজের দল।
এর আগে ভিয়েতনামের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে ৩-০ গোলে হেরে কিছুটা চাপে রয়েছে হাভিয়ের কাবরেরার দল। ফলে শেষ ম্যাচে ভালো ফল করে আত্মবিশ্বাস ফেরানোই এখন মূল লক্ষ্য।
পরিসংখ্যানও বাংলাদেশের পক্ষে খুব একটা স্বস্তিদায়ক নয়। গত ১০ জুন ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ।
‘সি’ গ্রুপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে এক জয়, দুই ড্র ও দুই হারে বাংলাদেশের পয়েন্ট ৫—অবস্থান তৃতীয়। অন্যদিকে সিঙ্গাপুর ইতোমধ্যে ২০২৭ সালের এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে