তিন পুরস্কার জিতে বিএসপিএ স্পোর্টসম্যান অব দ্য ইয়ার হামজা চৌধুরী
বাংলাদেশের ফুটবলের ‘পোস্টার বয়’ হামজা চৌধুরী এবার আলো ছড়ালেন দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার আসরেও। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’-এ বর্ষসেরা ক্রীড়াবিদসহ মোট তিনটি পুরস্কার জিতেছেন এই ফুটবলার।
শুক্রবার (২২ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কারের দৌড়ে হামজা পেছনে ফেলেছেন নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা এবং হকি তারকা আমিরুল ইসলামকে। এছাড়া তিনি জিতেছেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার এবং ভক্তদের ভোটে নির্বাচিত ‘পপুলার চয়েস অ্যাওয়ার্ড’ও।
বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করায় হামজার পক্ষে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার গ্রহণ করেন তাবিথ আউয়াল। পরে ভিডিও বার্তায় হামজা বলেন, এই পুরস্কার পেয়ে আমি গর্বিত। কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড দেশের একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি। পরিবার, কোচ, সতীর্থ, বন্ধু এবং সমর্থকদের ধন্যবাদ জানাই সারা বছর জাতীয় দলকে সমর্থন দেওয়ার জন্য।
অনুষ্ঠানে বিভিন্ন ডিসিপ্লিনে ক্রীড়াবিদ, কোচ, সংগঠক ও পৃষ্ঠপোষকদেরও সম্মাননা দেওয়া হয়। ক্রিকেটে বর্ষসেরা হয়েছেন রিশাদ হোসেন, হকিতে আমিরুল ইসলাম, আর্চারিতে আব্দুর রহমান আলিফ এবং টেবিল টেনিসে খই খই সাই মারমা।
এছাড়া উদীয়মান ক্রীড়াবিদ হিসেবে পুরস্কার পেয়েছেন ক্রিকেটার রিপন মন্ডল। বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আরও ছিলেন হকি আম্পায়ার সেলিম লাকি, আর্চারি সংগঠক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল এবং কাবাডি কোচ শাহনাজ পারভীন মালেকা। বর্ষসেরা পৃষ্ঠপোষক হিসেবে স্বীকৃতি পেয়েছে প্রাইম ব্যাংক পিএলসি এবং সক্রিয় ফেডারেশন হিসেবে পুরস্কার পেয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে