আজারবাইজানের সাবাহ এফসিতে যোগ দেওয়ার পথে হামজা চৌধুরী
বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরীকে ঘিরে নতুন করে দলবদলের আলোচনা শুরু হয়েছে। আজারবাইজানের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম অফসাইডপ্লাস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইংলিশ ক্লাব লেস্টার সিটি ছেড়ে দেশটির শীর্ষ লিগের ক্লাব সাবাহ এফসিতে যোগ দিতে যাচ্ছেন ২৮ বছর বয়সী এই ফুটবলার। তবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি লেস্টার সিটি বা সাবাহ এফসি।
প্রতিবেদন অনুযায়ী, বেশ কিছুদিন ধরেই দুই ক্লাবের মধ্যে আলোচনা চলছিল। ব্যক্তিগত শর্তেও সাবাহ এফসির সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন হামজা। সবকিছু চূড়ান্ত হলে নতুন মৌসুমে আজারবাইজানের ক্লাবটির জার্সিতে খেলতে দেখা যাবে তাকে।
২০২৪-২৫ মৌসুমে ধারে ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলেছেন হামজা চৌধুরী। এর আগে ওয়াটফোর্ডের হয়েও মাঠে নেমেছিলেন তিনি। লেস্টার সিটির হয়ে ২০২১ সালে এফএ কাপ, ২০২১-২২ মৌসুমে এফএ কমিউনিটি শিল্ড এবং ২০২৩-২৪ মৌসুমে ইংলিশ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বাদ পান এই মিডফিল্ডার। ট্রান্সফারমার্কটের তথ্য অনুযায়ী, বর্তমানে তার বাজারমূল্য প্রায় ৪০ লাখ ইউরো।
অন্যদিকে, আজারবাইজান প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন সাবাহ এফসি এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বে অংশ নিচ্ছে। প্রথম দুই ধাপ সফলভাবে পেরিয়ে দলটি ইতোমধ্যে তৃতীয় বাছাইপর্বে জায়গা নিশ্চিত করেছে।
মতামত দিন