Views Bangladesh Logo

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস রাষ্ট্রীয় শোক

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আগামী বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

সোমবার ঢাকার গুলশানে কাতার দূতাবাসে শোকবইয়ে স্বাক্ষর শেষে এ তথ্য জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাতারের আমির, রাজপরিবার এবং দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সমবেদনা জানাতে জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দোহা সফর করবে।

সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাতার দূতাবাসে খোলা শোকবইয়ে স্বাক্ষর করেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে কাতার সরকার, রাজপরিবার ও দেশটির জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

তিনি লেখেন, বাংলাদেশ কাতারের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ, আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে।

কাতারের আমিরের দপ্তর রোববার এক বিবৃতিতে শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুর খবর জানায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন শেখ হামাদ। তার নেতৃত্বে দেশটি দ্রুত অর্থনৈতিক অগ্রগতি অর্জন করে এবং বিশ্বের অন্যতম বৃহৎ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারক দেশে পরিণত হয়।

তার শাসনামলেই ১৯৯৬ সালে যাত্রা শুরু করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। একই সময়ে কাতারের প্রথম স্থায়ী সংবিধান প্রণয়ন এবং স্থানীয় সরকার নির্বাচনে নারীদের ভোটাধিকার ও প্রার্থী হওয়ার সুযোগ নিশ্চিত করা হয়।

২০১৩ সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছাড়েন এবং ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে আমিরের দায়িত্ব হস্তান্তর করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ