রাজশাহীতে অর্ধেক প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ১৯ জন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়ন বাছাই সম্পন্ন হয়েছে। এ বাছাইয়ে মোট প্রার্থীর ৫০ শতাংশের মনোনয়ন বাতিল করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার এই মনোনয়ন যাচাই কার্যক্রম শেষ করেন।
জেলা প্রশাসন ও রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, রাজশাহীর ছয়টি আসনে মোট ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই শেষে ১৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং বাকি ১৯ জনের মনোনয়ন বাতিল করা হয়।
আসনভিত্তিক হিসেবে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ি) আসনে সর্বোচ্চ সাতজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে বিএনপি নেতা ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে আগ্রহী সুলতানুল ইসলাম তারেকের নাম রয়েছে। অন্যদিকে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে সর্বনিম্ন একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।
জেলা প্রশাসক আফিয়া আখতার জানান, একই দিনে গণভোট বিষয়ে সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করা হবে। প্রশিক্ষণ শেষে তারা গণভোটের প্রচারণায় অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন পর্যায়ে জনসচেতনতামূলক কার্যক্রম চলবে।
উল্লেখ্য, রাজশাহী-২ (সদর) আসনকে জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচনা করা হয়। এ আসনে প্রয়াত খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা, সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছেন। এছাড়া রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উভয়ের মনোনয়নই বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়ন বাছাই সংক্রান্ত সভায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সব প্রার্থী উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে