গত এক দশকে বাংলাদেশে অর্ধেক তরুণ কর্মসংস্থানের বাইরে: বিশ্বব্যাংক
গত এক দশকে বাংলাদেশের কর্মক্ষম বয়সী প্রায় অর্ধেক তরুণ-তরুণী চাকরি পাননি। তরুণীদের জন্য এই সংকট আরও প্রকট বলে জানিয়েছে বিশ্বব্যাংক।
মঙ্গলবার (১৭ মার্চ) ঢাকায় তিন দিনের সফর শেষে এক বিবৃতিতে এ তথ্য জানান বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট। তিনি বলেন, গত এক দশকে বাংলাদেশের শ্রমবাজারে প্রায় ১ কোটি ৪০ লাখ তরুণ-তরুণী প্রবেশ করলেও তাদের জন্য কর্মসংস্থান তৈরি হয়েছে মাত্র ৮৭ লাখ।
সফরকালে জোহানেস জাট অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে সরকারের উন্নয়ন অগ্রাধিকার এবং বিশ্বব্যাংকের সম্ভাব্য সহায়তার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়।
বিবৃতিতে জোহানেস জাট উল্লেখ করেন, সরকার বর্তমানে বৃহৎ পরিসরে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও বিনিয়োগকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বিশ্বব্যাংক গ্রুপ এই অগ্রাধিকার ক্ষেত্রগুলোতে, বিশেষ করে নারী ও তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।
তিনি আরও বলেন, বৈশ্বিক অনিশ্চয়তা বাড়ার এই প্রেক্ষাপটে বাংলাদেশকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির পথে বিদ্যমান কাঠামোগত প্রতিবন্ধকতা দূর করতে দীর্ঘদিনের অপেক্ষমাণ সামষ্টিক অর্থনীতি ও আর্থিক খাতের সংস্কার দ্রুত বাস্তবায়ন করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বব্যাংক সদস্য দেশগুলোকে এমন অর্থনীতি গড়ে তুলতে সহায়তা করছে, যেখানে প্রবৃদ্ধি স্থানীয় কর্মসংস্থানে রূপান্তরিত হয়। এর অংশ হিসেবে সংস্থাটি ভৌত ও মানবিক অবকাঠামোতে বিনিয়োগ, ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়ন এবং বেসরকারি খাতে বিনিয়োগ আকর্ষণে কাজ করছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে