চলতি বছরের হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
চলতি বছরের হজ ফ্লাইট আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে তিনি আশকোনা হজক্যাম্প পরিদর্শন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশ ও দেশের মানুষের জন্য দোয়া কামনা করেন। তিনি বলেন, হজে যাওয়া বাংলাদেশিদের কাছে তার বিনীত অনুরোধ—তারা যেন দেশের শান্তি, সমৃদ্ধি ও সংকটমুক্ত ভবিষ্যতের জন্য আল্লাহর কাছে দোয়া করেন।
তিনি আরও বলেন, দেশের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আল্লাহর রহমতে যেন দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে, সে কামনাও জানান তিনি।
এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর হৃদয়ে ‘লাব্বাইক’ ধ্বনি এবং চোখে পবিত্র কাবার স্বপ্ন নিয়ে শুরু হলো এবারের হজযাত্রা। প্রথম হজ ফ্লাইটে ৪১৯ জন যাত্রী সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা দেন। রাত ১২টা ২০ মিনিটে বিমানের ফ্লাইটটি ঢাকা ছাড়ে।
সরকারপ্রধান জানান, আগামী বছর থেকে হজযাত্রীদের জন্য আরও উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে