হজের বিমান টিকিটের মূল্য কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ
চলতি বছরের হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের বিমান টিকিটের মূল্য আরও ২৫ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
তিনি বলেন, হজযাত্রীদের ব্যয় কমাতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন সুবিধা নিশ্চিত করার বিষয়ে আলোচনা চলছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে দেশকে এগিয়ে নিতে কাজ করছে। এর অংশ হিসেবে বাংলাদেশি হজযাত্রীদের জন্য যৌক্তিক ব্যয়ে এবং হয়রানিমুক্ত পরিবেশে হজ প্যাকেজ নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ২০২৬ সালের হজ কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আগামী বছর আরও উন্নত ও সুশৃঙ্খলভাবে হজ আয়োজন নিশ্চিত করতে সরকার কাজ করছে। তবে এ ধরনের বড় কার্যক্রমে কিছু ছোটখাটো ভুলত্রুটি হতে পারে, কিন্তু দুর্নীতি ও প্রতারণা কোনোভাবেই সহ্য করা হবে না।
এম রশিদুজ্জামান মিল্লাত জানান, গত বছর হজের বিমান টিকিটের মূল্য ১২ হাজার টাকা কমানো হয়েছিল। এ বছর আরও ২৫ হাজার টাকা কমিয়ে টিকিটের দাম ১ লাখ ৩০ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছে।
তিনি বলেন, বিমান টিকিটের ওপর আরোপিত সৌদি বিমানবন্দরের নির্মাণ কর কমানোর জন্য সৌদি সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশি হাজীদের আবাসন ব্যয় কমাতে বিশেষ সুবিধার বিষয়েও সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। একই সঙ্গে হজযাত্রীদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, দেশের প্রায় ৫ শতাংশ হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৯৫ শতাংশ বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে সৌদি আরব যান।
তিনি বলেন, সরকার হাজীদের জন্য সাশ্রয়ী, নিরাপদ ও প্রতারণামুক্ত হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়— এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হজ এজেন্সিগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সৌদি দূতাবাসের উপ-মিশন প্রধান খালিদ সাঈদ আল হাদাল, হাবের নেতৃবৃন্দ, বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক, সৌদি এয়ারলাইন্সের কান্ট্রি ডিরেক্টরসহ হজপ্রত্যাশী মুসল্লিরা উপস্থিত ছিলেন।
মতামত দিন