Views Bangladesh Logo

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, ফি ৩ লাখ ৫০ হাজার টাকা

২০২৭ সালের হজের জন্য আগামী ২৭ জুলাই থেকে প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে। সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীরা ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। এ জন্য প্রাথমিক নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৭ জুলাই থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে আগ্রহীদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। যাঁরা আগে থেকেই প্রাক-নিবন্ধন করেছেন, তাঁরা চাইলে ঘোষিত হজ প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে একই সঙ্গে চূড়ান্ত নিবন্ধনও করতে পারবেন। অন্যথায় আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

সরকারি ব্যবস্থাপনায় ই-হজ সিস্টেমে নিজস্ব অ্যাকাউন্ট খুলে অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, মডেল মসজিদ, বায়তুল মোকাররম অফিস এবং আশকোনা হজ অফিস থেকে নিবন্ধন করা যাবে। এছাড়া তালিকাভুক্ত যেকোনো হজ এজেন্সির মাধ্যমেও নিবন্ধনের সুযোগ থাকবে।

এ বছর সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ—হজ প্যাকেজ-১ ও সাশ্রয়ী হজ প্যাকেজ-২ ঘোষণা করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ প্যাকেজের পাশাপাশি হজ এজেন্সিগুলো অতিরিক্ত তিনটি প্যাকেজ দিতে পারবে, যা হজ পোর্টালে প্রদর্শিত হবে।

প্রাথমিক নিবন্ধনের জন্য বৈধ প্রাক-নিবন্ধন সনদ এবং আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ রয়েছে—এমন পাসপোর্ট বাধ্যতামূলক। নিবন্ধনের সময় হজযাত্রীকে প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং প্যাকেজও নির্বাচন করতে হবে।

সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের ক্ষেত্রে সোনালী ব্যাংকের নির্ধারিত হিসাবে ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিতে হবে। আর বেসরকারি ব্যবস্থাপনায় একই পরিমাণ অর্থ সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দিয়ে নিবন্ধন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কেবল শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং ১৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরা হজে যেতে পারবেন। হৃদযন্ত্র, ফুসফুস, লিভার বা কিডনির গুরুতর জটিলতা, স্নায়বিক বা মানসিক রোগ, ডিমেনশিয়া, সক্রিয় ক্যান্সারের চিকিৎসাধীন রোগী, যক্ষ্মা বা হেমোরেজিক জ্বরের মতো সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিরা হজ পালনের অনুমতি পাবেন না। এছাড়া গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা কিংবা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার নারীদেরও ফিটনেস সনদ দেওয়া হবে না।

নিবন্ধনের পর সরকারি হাসপাতাল অথবা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নির্ধারিত বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। পাশাপাশি নির্ধারিত কেন্দ্রে টিকা গ্রহণ এবং সিভিল সার্জন বা অনুমোদিত চিকিৎসকের কাছ থেকে ফিটনেস সনদ সংগ্রহ বাধ্যতামূলক।

এদিকে, প্রাথমিক নিবন্ধনের আগে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। হজ-সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরের কল সেন্টারে যোগাযোগ করা যাবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ