প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়
এবারের বিশ্বকাপের প্রথম দল হিসেবে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেল হাইতির।
শনিবার (২০ জুন) ব্রাজিলের কাছে ৩-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত হওয়ার আগেই নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছিল ক্যারিবীয় দলটি। টানা দুই হারে টুর্নামেন্ট থেকে তাদের ছিটকে যাওয়া নিশ্চিত হলো।
বর্তমানে ‘সি’ গ্রুপের টেবিলে ব্রাজিল ও মরক্কো ৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে স্কটল্যান্ড। গ্রুপের সমীকরণ অনুযায়ী, হাইতি যদি তাদের শেষ ম্যাচে জয়ও পায়, তাহলেও ৩ পয়েন্টের বেশি অর্জন করতে পারবে না।
ফলে টেবিলের শীর্ষ তিনে ওঠার আর কোনো গাণিতিক সুযোগ নেই তাদের। আর তাতেই গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজল হাইতির।
এবারের বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন। প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে এই আসরে। ১২টি গ্রুপের প্রতিটির শীর্ষ দুই দল সরাসরি পরের পর্বে উঠবে। পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দলও নকআউট পর্বে খেলার সুযোগ পাবে। এই বিস্তৃত কাঠামো অনেক দলের জন্য সুযোগ বাড়ালেও হাইতির জন্য কোনো আশার আলো রাখতে পারেনি। দুই ম্যাচেই ব্যর্থতার কারণে তারা বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া প্রথম দল।
মতামত দিন