Views Bangladesh Logo

ব্রাজিলের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়, তবু লড়াইয়ে গর্বিত হাইতি কোচ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে হাইতি। তবে ম্যাচ শেষে দলের পারফরম্যান্সে হতাশা থাকলেও ফুটবলারদের লড়াইয়ের মানসিকতায় সন্তুষ্টি প্রকাশ করেছেন হাইতি কোচ সেবাস্তিয়ান মিগনে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রথমার্ধে হজম করা দুটি গোল কিছুটা অনভিজ্ঞতার ফল ছিল, যা ম্যাচে ফেরার সুযোগ কঠিন করে তোলে। তার ভাষায়, “ব্রাজিলের মতো দলের বিপক্ষে দুই গোল খাওয়ার পর ম্যাচে ফিরে আসা প্রতি মিনিটেই আরও কঠিন হয়ে যায়।”

তবে দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করে মিগনে জানান, তার খেলোয়াড়রা বিশ্বকাপ মঞ্চে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। তিনি বলেন, “আমাদের খেলোয়াড়রা দেখিয়েছে তারা বিশ্বকাপে খেলার উপযুক্ত। কিন্তু এই পর্যায়ে ভালো করতে হলে সবকিছু নিখুঁত হতে হয়, আর আমরা কিছু ভুল করেছি।”

টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ায় আক্ষেপও প্রকাশ করেন হাইতি কোচ। তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আমরা বিদায় নিচ্ছি। অন্য ম্যাচের ফল আমাদের বিপক্ষে গেছে। তবে ৫২ বছর পর বিশ্বকাপে ফিরে আসা আমাদের জন্য বড় অর্জন।”

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আশাবাদী মিগনে জানান, দলকে আরও শক্তিশালী করে গড়ে তোলাই এখন মূল লক্ষ্য। তার মতে, ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলাটা বড় অভিজ্ঞতা। তিনি বলেন, “তারা আমাদের চেয়ে অনেক ভালো খেলেছে। এখন আমাদের এখান থেকে শিখে সামনে এগোতে হবে।”

আগামী ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে হাইতি। সাবেক সেমিফাইনালিস্ট দলের বিপক্ষে ভালো কিছু করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে তার শিষ্যরা বলে জানান কোচ সেবাস্তিয়ান মিগনে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ