‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে রাজধানীতে তাজিয়া মিছিল
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল বের করেছেন শিয়া সম্প্রদায়ের মানুষ। শোক, ধর্মীয় আবেগ ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার (২৬ জুন) সকালে মিছিলটি শুরু হয়।
সকাল ১০টার পর শুরু হওয়া এই তাজিয়া মিছিলে অংশ নেওয়া মানুষদের অনেকেই কালো পোশাক পরিধান করেন। কারবালার ঐতিহাসিক শোকাবহ ঘটনা স্মরণ করে তারা শোকগাথা পাঠ করেন এবং ধর্মীয় স্লোগান দেন।
মিছিলে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন। অনেকের হাতে ছিল প্রতীকী তাজিয়া, আলাম ও নিশান—যা কারবালার স্মৃতিকে তুলে ধরে।
‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে মিছিলের পরিবেশ। শোক ও আবেগঘন পরিবেশে মিছিলটি হোসেনি দালান থেকে বের হয়ে আজিমপুর, নীলক্ষেত, নিউমার্কেট ও সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডির দিকে যাওয়ার কথা রয়েছে।
তাজিয়া মিছিল ঘিরে রাজধানীতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। হোসেনি দালান ও আশপাশের এলাকায় সোয়াট, র্যাব, পুলিশ, গোয়েন্দা পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
মিছিলের পুরো পথজুড়ে নজরদারি রাখা হচ্ছে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন এবং সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের ওপর নজর রাখা হচ্ছে।
মতামত দিন