Views Bangladesh Logo

তনু হত্যা মামলায় জামিন স্থগিত হতেই ফের গ্রেফতার হাফিজুর

কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে আবারও গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শনিবার (৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পিবিআইয়ের পুলিশ সুপার আবু ইউসুফ। তিনি জানান, আদালতের আদেশ প্রতিপালন না করা এবং একই আদেশে পুলিশের প্রতি হাফিজুরকে গ্রেফতারের নির্দেশ থাকায় শনিবার ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পিবিআই সূত্রে জানা গেছে, চেম্বার জজ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এবং হাফিজুরের পালিয়ে যাওয়ার আশঙ্কা এড়াতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২২ এপ্রিল তনু হত্যা মামলায় গ্রেফতার হয়ে জেলহাজতে পাঠানো হয় হাফিজুরকে। এরপর হাইকোর্ট থেকে জামিন নিয়ে গত ৪ আগস্ট কারাগার থেকে মুক্তি পান তিনি। তবে মাত্র দুই দিনের ব্যবধানে গত ৬ আগস্ট হাইকোর্টের দেওয়া সেই জামিন স্থগিত করে দেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দেওয়া হয় তাকে। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করায় তাকে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেন আদালত।

২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে আর ঘরে ফেরেননি তনু। পরবর্তীতে খোঁজাখুঁজির পর সেনানিবাসের পাওয়ার হাউজের অদূরে ঝোপের মধ্যে তার মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধর্ষণের পর হত্যার আলামত পাওয়া যায় ঘটনাস্থলে।

এর পরদিন তনুর বাবা, ক্যান্টনমেন্ট বোর্ডের সাবেক অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্তের পর চলতি বছরের ২১ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জের বাসভবন থেকে হাফিজুর রহমানকে প্রথমবার গ্রেফতার করে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ