ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় শুরু হয়েছে। অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন।
সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। স্পিকার পদে নির্বাচনের জন্য একটিমাত্র মনোনয়ন পাওয়া গেছে বলে জানান অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম মনোনীত হয়েছে এবং তিনি এ দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন।
এরপর প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য নুরুল ইসলামের প্রতি আহ্বান জানানো হয়। তিনি প্রস্তাবটি উত্থাপন করেন এবং তা সমর্থন করেন সংসদ সদস্য রকিবুল ইসলাম। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি গৃহীত হয়।
অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।
ডেপুটি স্পিকার পদেও একটিমাত্র মনোনয়ন পাওয়া গেছে বলে জানান সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, ব্যারিস্টার কায়সার কামাল এ দায়িত্ব পালনে সম্মত হয়েছেন।
পরে প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদারকে আহ্বান জানানো হয়। তিনি প্রস্তাবটি উত্থাপন করেন এবং তা সমর্থন করেন সংসদ সদস্য আশরাফউদ্দিন। পরে প্রস্তাবটি সংসদে পেশ করা হলে কণ্ঠভোটে তা গৃহীত হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে