Views Bangladesh Logo

হাদি হত্যা: রিমান্ড শেষে কলকাতার আদালতে ফয়সাল-আলমগীর

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে ১৪ দিনের রিমান্ড শেষে কলকাতার বিধাননগর আদালতে তোলা হয়েছে।

রোববার (২২ মার্চ) আদালতে নেওয়ার আগে তাদের শারীরিক পরীক্ষা করানোর জন্য হাসপাতালে নেওয়া হয়। এ সময় ফয়সাল দাবি করেন, তিনি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন এবং তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি আলমগীর।

এর আগে গত ৭ মার্চ বাংলাদেশ সীমান্তসংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। পরদিন ৮ মার্চ স্থানীয় আদালতে হাজির করা হলে বিচারক তাদের ১৪ দিনের পুলিশ রিমান্ডে পাঠান।

এদিকে, একই মামলায় বাংলাদেশি নাগরিক ফিলিপ সাংমাকে শনিবার (২১ মার্চ) ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। এই সময়ের মধ্যে তাকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে এসটিএফ। আগামী ৩ এপ্রিল তাকে আবার আদালতে তোলা হবে।

ফিলিপ সাংমাকে আদালতে নেওয়ার আগে বিধাননগর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে তাকে কলকাতার ইলেকট্রনিক কমপ্লেক্স থানার লকআপে রাখা হয় এবং সেখান থেকে দমদম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার পল্টনের বক্স কালভার্ট রোডে জুমার নামাজ শেষে গণসংযোগ শেষে ফেরার পথে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তির গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া কয়েকজন আসামি ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে বাকি দুই অভিযুক্তের বিষয়ে বিধাননগর আদালতের সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ