ওপেনকোডে সাইবার হামলা, ব্যবহারকারীদের অ্যাকাউন্টে শত শত ডলারের বিল
এআই দিয়ে কোড লেখার জনপ্রিয় টুল ওপেনকোডের পুরোনো একটি সিস্টেমে সাইবার হামলার ঘটনায় প্ল্যাটফর্মটির ১ দশমিক ৪ শতাংশ ব্যবহারকারী আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় কিছু ব্যবহারকারীর এপিআই কি চুরি করে ওপেনএআই, অ্যানথ্রপিক ও গুগলের এআই সেবায় অননুমোদিতভাবে প্রবেশ এবং অর্থ খরচের অভিযোগ উঠেছে। কয়েকজন ব্যবহারকারীর বিল এক হাজার ডলার ছাড়িয়ে গেছে বলেও জানিয়েছেন তাঁরা।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার ওপেনকোড সাইবার হামলার বিষয়টি প্রকাশ করে। প্রতিষ্ঠানটির ধারণা, এ ঘটনার সঙ্গে বড় পরিসরে এআই মডেল ডিস্টিলেশনের প্রচেষ্টার যোগসূত্র থাকতে পারে। ডিস্টিলেশন এমন একটি পদ্ধতি, যেখানে একটি এআই মডেলের তৈরি ফলাফল ব্যবহার করে অন্য একটি মডেলকে প্রশিক্ষণ দেওয়া হয়। তবে হামলার উদ্দেশ্য ডিস্টিলেশন ছিল কি না, তা এখনো নিশ্চিত নয়। সংশ্লিষ্টদের কেউ কেউ মনে করছেন, এটি সাধারণ সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনাও হতে পারে।
ওপেনকোডের সহপ্রতিষ্ঠাতা ডাক্স রাড জানিয়েছেন, হামলার প্রভাব পড়েছে শুধু ওপেনকোড কনসোলে। প্রতিষ্ঠানটির ওপেন সোর্স অ্যাপ ও কমান্ড-লাইন টুল এ ঘটনায় আক্রান্ত হয়নি। কনসোলে ব্যবহারকারীদের সংরক্ষিত এপিআই কি ফাঁস হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এসব কি ব্যবহার করে তৃতীয় পক্ষের এআই সেবায় প্রবেশ করা সম্ভব হলেও সেগুলো সরাসরি ওপেনকোডের মূল অ্যাপের কাছে যায়নি বলে জানান তিনি।
হামলার পর অ্যানথ্রপিক ও গুগল সন্দেহভাজন ফাঁস হওয়া এপিআই কি বন্ধ করেছে। ওপেনএআইও ওপেনকোডের সঙ্গে সমন্বয় করে সেবা পুনরুদ্ধারে কাজ করেছে এবং হামলায় ব্যবহৃত ক্রেডিটের অর্থ ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে। ওপেনকোডও অননুমোদিত খরচের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
রাডের ভাষ্য অনুযায়ী, টানা ৪৮ ঘণ্টা ধরে হামলাকারীরা তাঁদের সিস্টেমে প্রবেশের চেষ্টা চালিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বিশ্লেষণের কাজে এআই এজেন্ট ব্যবহার করা হয়। তবে ক্ষতিকর কোড পরীক্ষা করতে গিয়ে কয়েকটি এআই মডেল নিরাপত্তাব্যবস্থার কারণে বিশ্লেষণ চালিয়ে যেতে অস্বীকৃতি জানায়। পরে ওপেনএআইয়ের ডেব্রেক ব্লু কর্মসূচির আওতায় নিরাপত্তা গবেষণার উপযোগী এআই মডেল ব্যবহারের সুযোগ পায় ওপেনকোড।
এ ঘটনা সাইবার নিরাপত্তায় এআই ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা সামনে এনেছে। হামলা শনাক্ত ও প্রতিরোধ করতে নিরাপত্তা বিশেষজ্ঞদের অনেক সময় ক্ষতিকর কোড পরীক্ষা করতে হয়। কিন্তু এআই মডেলের নিরাপত্তাব্যবস্থা সেই বিশ্লেষণেও বাধা দিতে পারে। এর আগে এআই প্ল্যাটফর্ম হাগিং ফেসও একই ধরনের সমস্যার কথা জানিয়েছিল।
এখন পর্যন্ত হামলাকারীরা ঠিক কীভাবে ওপেনকোডের পুরোনো সিস্টেমে প্রবেশ করেছিল, কতগুলো এপিআই কি ফাঁস হয়েছে এবং সেগুলোর কতটা অপব্যবহার করা হয়েছে, তা প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। তদন্ত অব্যাহত রয়েছে। আক্রান্ত ব্যবহারকারীদের সংশ্লিষ্ট এআই সেবা প্রদানকারীর প্ল্যাটফর্মে গিয়ে পুরোনো এপিআই কি বাতিল করে নতুন কি তৈরি করার পরামর্শ দেওয়া হয়েছে।
মতামত দিন