Views Bangladesh Logo

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিকে ‘জীবিত দাফনের’ হুমকি মাওলানার, থানায় জিডি

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘খুঁজে বের করে জীবিত দাফন’ করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার আশঙ্কায় হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক।

জিডি সূত্রে জানা যায়, রিংগনের ভাই মো. জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, রোববার ফেসবুকে মাওলানা কামরুল ইসলাম খাঁন নামে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে রিংগনকে খুঁজে বের করে ‘জীবিত দাফন’ করার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় রিংগন ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

জিডিতে আরও অভিযোগ করা হয়, ওই ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি, দলটির অঙ্গসংগঠন এবং বিএনপির সংসদ সদস্য ও হুইপ জি কে গউছকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছেন। এসব পোস্টে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগকারী জাহাঙ্গীর আলম বলেন, প্রকাশ্য এমন হুমকির কারণে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে যাতে আইনগত ব্যবস্থা নেওয়া যায়, সে কারণেই জিডি করা হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. জাহিদুল হক বলেন, অভিযোগটি তদন্ত করে ফেসবুক পোস্টের সত্যতা যাচাই করা হবে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ