সেনেগালের বিপক্ষে ৩–১ গোলে এগিয়ে নরওয়ে
২০২৬ বিশ্বকাপে গোলের উৎসব যেন থামছেই না। রাতের শুরুতে আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেন লিওনেল মেসি। এরপর ইরাকের বিপক্ষে ফ্রান্সের ৩–০ জয়ে দুইবার জালের দেখা পান কিলিয়ান এমবাপ্পে। আর এবার সেই তালিকায় নাম লেখালেন আর্লিং হলান্ড।
সেনেগালের বিপক্ষে ম্যাচের ৫৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে নরওয়েকে ৩–১ ব্যবধানে এগিয়ে দেন হলান্ড। এর আগে প্রথমার্ধে মার্কুস হোমগ্রেন পেদারসেনের গোলে লিড নেয় নরওয়ে। পরে মার্টিন ওডেগার্ডের দুর্দান্ত পাল্টা আক্রমণ থেকে প্রথম গোল করেন হলান্ড।
যদিও ৫৩ মিনিটে ইসমাইলা সারের গোলে ব্যবধান ২–১ করে ম্যাচে ফেরার আশা জাগিয়েছিল সেনেগাল। কিন্তু সেই আশায় দ্রুতই পানি ঢেলে দেন নরওয়ের তারকা স্ট্রাইকার।
হলান্ডের দ্বিতীয় গোলটিও আসে দ্রুতগতির আক্রমণ থেকে। সেনেগালের রক্ষণভাগের ফাঁক গলে বল পেয়ে তিনি কোনো ভুল না করে জোরালো শটে এদুয়ার্দ মেন্দিকে পরাস্ত করেন।
বিশ্বকাপে মেসি ও এমবাপ্পের ঝলকের পর এবার নিজের উপস্থিতিও জোরালোভাবে জানান দিলেন হলান্ড। নরওয়ের জার্সিতে ৫২ ম্যাচে এটি তার ৫৮তম গোল, আর সেই সঙ্গে নরওয়েও এগিয়ে গেল টানা দ্বিতীয় জয়ের পথে।
মতামত দিন