চট্টগ্রামে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় এক ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। হামলায় কেউ হতাহত না হলেও ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দিনগত রাত ১টার দিকে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের চারাবটতলা এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ইটভাটা মালিক এস এম শহীদুল্লাহ রনি রাতে নগরীর আমান বাজারের বাসা থেকে রাউজান উপজেলার গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি প্রথমে তার গাড়িতে ইট ছুড়ে গতিরোধের চেষ্টা করে। পরে গাড়ি লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ জানান, ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইটভাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হামলা হয়ে থাকতে পারে।
এ ঘটনায় শহীদুল্লাহ রনি হাটহাজারী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। মামলায় তিনি অভিযোগ করেন, ১০ থেকে ১২ জন সন্ত্রাসী তার গাড়িতে হামলা চালিয়ে গুলি করে এবং ডাকাতি ও হত্যাচেষ্টার চেষ্টা চালায়।
পুলিশ জানিয়েছে, হামলার প্রকৃত কারণ, হামলাকারীদের পরিচয় এবং মামলার অভিযোগের সত্যতা তদন্ত করে দেখা হচ্ছে।
মতামত দিন