Views Bangladesh Logo

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে গোলাগুলি, অস্ত্রধারীদের চেনে না পুলিশ, হয়নি মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের পর প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনার একদিন পরও এসব ঘটনায় কোনো মামলা হয়নি। তবে ভিডিও পর্যালোচনা করে অস্ত্রধারীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। তবে সংঘর্ষের সময় যারা প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করেছে, তাদের শনাক্তে পুলিশ কাজ করছে।

ওসি জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে ধারণা করা হচ্ছে, অস্ত্রধারীদের অধিকাংশই ভাড়াটে সন্ত্রাসী। তাদের মধ্যে কয়েকজন চট্টগ্রাম শহর ও মিরসরাই এলাকার বাসিন্দা বলে তথ্য পাওয়া গেছে। তাদের পরিচয় এবং সংঘর্ষের সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গোলাগুলি, ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ২০ জনের বেশি নেতাকর্মী আহত হন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আসলাম চৌধুরীর অনুসারী এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দীনের অনুসারীরা পৃথক কর্মসূচি ঘোষণা করেছিলেন। এ নিয়ে সকাল থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

দুপুরে সীতাকুণ্ড পৌর এলাকার হাসান গোমস্তা মসজিদসংলগ্ন মাইক্রো স্টেশন এলাকায় দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি হলে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে সীতাকুণ্ড সদরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে কয়েকজন যুবককে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায়। ভিডিওগুলোর বেশির ভাগ দৃশ্য সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ বাইপাস ও হাসান গোমস্তা মসজিদসংলগ্ন এলাকার বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, ভিডিওতে দেখা ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। তাদের পরিচয় ও সংঘর্ষে ভূমিকা নিশ্চিত হওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ