Views Bangladesh Logo

‘মাদক কারবারি’দের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশ সদস্য আহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবলসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় জসিম উদ্দিন (২৪) নামে এক মাদক কারবারি গুলিবিদ্ধ হয়েছেন। পরে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ জসিম ও মোহন মিয়া (২৩) নামে দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) বিকেল ৩টার দিকে ফতুল্লার ইসদাইর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুজন হলেন ফতুল্লার ইসদাইর এলাকার রাজ্জাক মিয়ার ছেলে জসিম উদ্দিন ও একই এলাকার আব্দুস সালামের ছেলে মোহন মিয়া। জসিম গুলিবিদ্ধ হয়েছেন।

আহত পুলিশ সদস্যরা হলেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক, এসআই নন্দন চন্দ্র সরকার ও কনস্টেবল রাশিদুল। তাদের নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৩টার দিকে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে ইসদাইর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক কারবারি ও অস্ত্রধারী জসিম ও মোহনসহ সাত-আটজনের একটি দল পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

আত্মরক্ষার্থে ফতুল্লা মডেল থানার এসআই মো. রফিক ও এসআই নন্দন চন্দ্র সরকার পাল্টা আট রাউন্ড গুলি ছোড়েন। এতে জসিম গুলিবিদ্ধ হন। গোলাগুলির ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হন।

পরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ জসিম ও মোহনকে আটক করে পুলিশ। গুলিবিদ্ধ জসিম ও আহত তিন পুলিশ সদস্যকে নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালে পাঠানো হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করার সময় তাদের সাত-আটজনের একটি দল পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়েছে। এতে একজন গুলিবিদ্ধ হন। এ ছাড়া পুলিশের তিনজন সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ