Views Bangladesh Logo

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, শিশু নিহত

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলিতে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা ও তিন নারীসহ ছয়জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত উখিয়ার ৮ নম্বর পূর্ব ক্যাম্পের বি-৪০ ও বি-৪১ ব্লক এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে। স্থানীয় বাসিন্দারা শতাধিক গুলির শব্দ শুনেছেন বলে জানান। এতে ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকে নিরাপদ আশ্রয়ের জন্য ঘর ছেড়ে বেরিয়ে যান।

গোলাগুলির মধ্যে মাথায় গুলিবিদ্ধ হয় পাঁচ বছরের মোজাহিদ। সে ক্যাম্পের বাসিন্দা নুর আলমের ছেলে। গুরুতর অবস্থায় তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় মোজাহিদের মা তাহেরা বেগমসহ আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উখিয়ায় মোতায়েন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের ধারণা, আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্যদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে গোলাগুলির সুনির্দিষ্ট কারণ এবং এতে কারা জড়িত ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দীর্ঘদিন ধরে সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাত, অপরাধ ও সহিংসতার ঘটনা ঘটছে। এসব ক্যাম্পে ১০ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে। সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে মিয়ানমারে রোহিঙ্গাদের পরিস্থিতির আরও অবনতি এবং তাদের ওপর ক্রমবর্ধমান সহিংসতার বিষয়টি তুলে ধরা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ