ভারতের গুজরাটে বন্যায় অন্তত ২৮ জনের মৃত্যু
ভারী বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যায় ভারতের গুজরাট রাজ্যে রবিবার (২৫ অগাষ্ট) থেকে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। এ পরিস্থিতিতে ২৪ হাজারের বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, পানির স্তর বিপদসীমা অতিক্রম করায় বেশ কয়েকটি নদী ও জলাধারের পানি উপচে পড়ছে।
বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, এমতাবস্থায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ বিতরণ কার্যক্রম ও উদ্ধার অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী ও জাতীয় দুর্যোগ মোকাবিলা কেন্দ্রের সদস্যরা।
সংবাদমাধ্যটি বলছে, বন্যার কারণে বেশ কয়েকটি জায়গায় পরিবহন পরিষেবা ব্যাহত হয়। এ ছাড়াও বুধবার রাজ্যের ৪৮টি ট্রেন পরিষেবা বাতিল করা হয়।
সরকারি রিপোর্ট অনুযায়ী, গুজরাটের অনেক এলাকা বন্যার ঝুঁকিতে রয়েছে। কারণ প্রধান নদীগুলোর পানি সমুদ্রে পৌঁছানোর আগে রাজ্যের সমতল ভূমির বিস্তৃত অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাবে।
এরইমধ্যে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। এ জন্য গুজরাট রাজ্যে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।
এর আগে ২০১৭ সালে টানা বৃষ্টিপাতের ফলে এ অঞ্চলে ভয়াবহ বন্যা হয়। সেই বন্যায় ২০০ জনেরও বেশি লোক মারা যায়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে