গিটার-পিয়ানোর দাম কমবে
দেশের তরুণ প্রজন্মের মেধা ও মননকে কাজে লাগিয়ে একটি বৈশ্বিক মানের ‘ক্রিয়েটিভ ইকোনমি’ গড়ে তুলতে চায় সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ লক্ষ্যে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে।
ডিজিটাল মিডিয়ায় সংগীতের মান উন্নয়নে গিটার, পিয়ানো, ভায়োলিনসহ বিভিন্ন বাদ্যযন্ত্র ও প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। ফলে এসব বাদ্যযন্ত্রের দাম কমতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের সেবার ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। অনেকেই এখন কনটেন্ট তৈরিকে পেশা হিসেবে নিয়েছেন; এই ছাড় তাদের জন্য বড় স্বস্তির।
চলচ্চিত্র ও ক্রিয়েটিভ মিডিয়ার কারিগরি মান আন্তর্জাতিক স্তরে উন্নীত করতে সিনেমাটোগ্রাফিক ক্যামেরা ও প্রজেক্টরের খুচরা যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

মতামত দিন