Views Bangladesh Logo

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে বাড়ল চূড়ান্ত ভর্তির সময়সীমা

দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সার্বিক পরিস্থিতির কারণে গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ২১ জুলাই পর্যন্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাবেন। বর্তমানে গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোতে সর্বমোট ৪২০টি আসন ফাঁকা রয়েছে।

শনিবার গুচ্ছভুক্ত ভর্তি কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক।

ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে পরীক্ষা কমিটির আহ্বায়ক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে এই জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যায়, দুর্যোগের কারণে শিক্ষার্থীদের একটি বড় অংশ যথাসময়ে ভর্তি হতে পারেননি, বিশেষ করে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখনো আসন ফাঁকা রয়েছে। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই আগামী ২১ জুলাই পর্যন্ত ভর্তির সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় ভর্তি কমিটি। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে বর্তমানে ফাঁকা থাকা ৪২০টি আসনের একটি বড় অংশই বরিশাল বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক জানান, তাদের বিশ্ববিদ্যালয়ে এখনো মোট ৩৬টি আসন খালি আছে, যার মধ্যে ৩৫টি মেধাভিত্তিক এবং ১টি কোটাভিত্তিক। ভর্তি কমিটির নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, বাকি থাকা শিক্ষার্থীরা এই বর্ধিত সময়ের মধ্যে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাবেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ