দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬. ১৫ বিলিয়ন ডলার
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ (গ্রস) ৩৬ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যৌথ পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসী স্বাক্ষরিত বৈদেশিক মুদ্রার রিজার্ভের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) পদ্ধতি অনুযায়ী, রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ২৯৮ দশমিক ২৩ মিলিয়ন বা ৩১ দশমিক ৩০ বিলিয়ন মার্কিন ডলারে।
এর আগে গত ২০ সেপ্টেম্বর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ হাজার ৩০৮ দশমিক ৯৮ মিলিয়ন (৩৬ দশমিক ৩০ বিলিয়ন) ডলার ছিল এবং আইএমএফের বিপিএম-৬ অনুযায়ী যার পরিমাণ ছিল ৩১ হাজার ৪৫২ দশমিক ৮৩ মিলিয়ন (৩১ দশমিক ৪৫ বিলিয়ন) ডলার।
এদিকে রিজার্ভ সামান্য কমলেও প্রবাসী আয়ের (রেমিট্যান্স) ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে প্রবাসী বাংলাদেশিরা ১৮৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন। এর মধ্যে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর—মাত্র তিন দিনেই এসেছে ১৩ কোটি ডলার। অন্যদিকে, গত বছরের সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৮৬ কোটি ৯০ লাখ ডলার।
মতামত দিন