টুঙ্গিপাড়ায় ১৩ বছরের কিশোরীকে বিয়ে, বরকে ১৫ দিনের কারাদণ্ড
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ১৩ বছরের এক কিশোরীকে বিয়ে করার অভিযোগে বরকে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি তাকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের নবুখালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার এক যুবকের সঙ্গে ওই কিশোরীর বিয়ে ঠিক হয়। পরে সোমবার রাতে বিয়ের আয়োজন চলাকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যান ভ্রাম্যমাণ আদালত।
কাগজপত্র যাচাই করে কনের বয়স ১৩ বছর পাওয়া যায়। এরপর বাল্যবিবাহ নিরোধ আইনে বরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাল্যবিবাহের প্রমাণ পাওয়ায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনায় কিশোরীকে তার পরিবারের জিম্মায় রাখা হয়েছে বলে জানানো হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে