Views Bangladesh Logo

নববধূকে বাড়ি আনার রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে নববধূকে বাড়ি আনার কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহমেদ আনাস বাপ্পি (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার তাঁর বৌভাতের আয়োজন চলছিল। তবে রাতের এই দুর্ঘটনায় আনন্দের আয়োজন শোকে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়াড় স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বাপ্পি ওই এলাকার ইউসুফ আলীর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, প্রায় দুই মাস আগে বাপ্পির সঙ্গে সাইরা খাতুনের বিয়ে হয়। বৃহস্পতিবার আনুষ্ঠানিকতা শেষে নববধূকে বাড়িতে নিয়ে আসেন বাপ্পি। শুক্রবার দুপুরে তাঁদের বৌভাতের আয়োজন করা হয়।

এ উপলক্ষে বাড়িতে অতিথিদের খাবারের জায়গা ও প্যান্ডেল তৈরির কাজ চলছিল রাত পর্যন্ত। বাপ্পিও সেখানে উপস্থিত থেকে কাজের তদারকি করছিলেন। একপর্যায়ে স্ট্যান্ড ফ্যান সরাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয় ইউপি সদস্য মিলন হোসেন বলেন, স্ট্যান্ড ফ্যান সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাপ্পির মৃত্যু হয়েছে। এমন দুর্ঘটনায় বৌভাতের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। পুলিশ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ