Views Bangladesh Logo

দোকানে পেট্রল বোমা নিক্ষেপ, বাইরে বের হতেই মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

রাজশাহীতে আবদুল বারী (৪০) নামের এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হামলার আগে তাঁর দোকানে পেট্রল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে বাড়ির সামনে বেরিয়ে এলে একদল হামলাকারী তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরের রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বারী ওই এলাকার বদরুল সরকারের ছেলে। বাড়ির সামনেই একটি মুদি দোকান পরিচালনা করতেন তিনি।

নিহতের স্বজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, টাকা ভাঙিয়ে না দেওয়াকে কেন্দ্র করে কয়েকজন যুবকের সঙ্গে বারীর বিরোধের সৃষ্টি হয়েছিল। শনিবার সন্ধ্যার পর নগরের চন্ডিপুর এলাকার কয়েকজন যুবক বাকির মোড় এলাকায় এসে বারীর দোকানে টাকা ভাঙাতে চান। তিনি টাকা ভাঙিয়ে দিতে পারবেন না জানালে তাঁদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতিও হয়।

স্বজন ও পুলিশের ভাষ্য, ওই ঘটনার জের ধরে রাত পৌনে ২টার দিকে প্রায় ৫০ থেকে ৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও পেট্রল বোমা নিয়ে বারীর বাড়ির সামনে আসে। প্রথমে হামলাকারীরা তাঁর দোকানের শাটারের তালা ভেঙে ফেলে। পরে দোকানের ভেতরে পেট্রল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়।

দোকানে আগুন দেখতে পেয়ে বারী ও পরিবারের সদস্যরা বাড়ি থেকে বেরিয়ে আসেন। এ সময় হামলাকারীরা বারীকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে গেলে গুরুতর আহত অবস্থায় বারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আবদুল বারীকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ বর্তমানে রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ওসি আরও বলেন, এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। এজাহার পাওয়ার পর আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ