খুলনায় গ্রিড বিপর্যয়: ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ
গত ২৬ এপ্রিল সন্ধ্যায় খুলনা অঞ্চলে ঘটে যাওয়া গ্রিড বিপর্যয়ের কারণ অনুসন্ধানে ৮ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদনসহ সুপারিশ জমা দিতে বলা হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, তদন্ত কমিটি বিপর্যয়ের কারণ খতিয়ে দেখবে এবং এর জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দায়ী হলে তাদের শনাক্ত করবে। একইসঙ্গে ভবিষ্যতে এমন গ্রিড বিপর্যয় প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশও প্রদান করবে।
কমিটিতে যারা আছেন তারা হলেন-কমিটির আহ্বায়ক বুয়েটের উপ-উপাচার্য আব্দুল হাসিব চৌধুরী। অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন-বুয়েটের অধ্যাপক ড. মো. এহসান, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ফিরোজ শাহ, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (পিএন্ডডি) শহিদুল ইসলাম, ওজপাডিকোর প্রধান প্রকৌশলী (পরিচালন) আব্দুল মজিদ, বাবিউবোর তত্ত্ববোধক প্রকৌশলী আতিকুর রহমান, পিজিসিবির প্রধান প্রকৌশলী, ট্রান্সমিশন-১ ফয়জুল কবির এবং সদস্য সচিব বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব মাজহারুল ইসলাম।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে