Views Bangladesh Logo

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, মন্ত্রীকে বের করা হয় পেছনের ফটক দিয়ে

রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের সামনে থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে ফটকের পাশের ফুলগাছের ভেতর থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়। পরে নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। যাত্রীদের যাতায়াতের জন্য খোলা রাখা হয় বিকল্প মসজিদ গেট।

ঘটনার সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁকে প্রধান ফটকের পরিবর্তে পেছনের গেট দিয়ে বের করে নেওয়া হয়। পরে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে বিমানবন্দরের প্রধান ফটকের বাঁ পাশে ফুলগাছের ভেতর সন্দেহজনক বস্তু দুটি দেখতে পান এক পথচারী। তিনি বিষয়টি বিমানবন্দর থানার বায়া পুলিশ ফাঁড়ির রোমিও-৮১ টহল গাড়ির দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) পলাশকে জানান। পরে এএসআই পলাশ বিষয়টি বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে।

এ সময় বিমানবন্দরের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। যাত্রীদের যাতায়াতের জন্য বিকল্প হিসেবে মসজিদ গেট খুলে দেওয়া হয়। এ ঘটনায় বিমানবন্দরে আসা যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। প্রধান ফটকের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরাও সতর্ক অবস্থান নেন। পুলিশ জানায়, সেখানে সার্বক্ষণিক তিনজন সশস্ত্র এপিবিএন সদস্য দায়িত্ব পালন করছিলেন। তবে তাঁদের উপস্থিতির মধ্যেও কে বা কারা বস্তু দুটি সেখানে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জানা গেছে, সকাল ১০টা ৫০ মিনিটে একটি ফ্লাইটে রাজশাহীতে পৌঁছান মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ঢাকা থেকে বগুড়া যাওয়ার পথে তিনি রাজশাহীতে যাত্রাবিরতি করেন। সন্দেহজনক বস্তু উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর তাঁর নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়। পরে পুলিশ তাঁকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করে।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমান জানান, বিমানবন্দরের প্রধান ফটকের পাশে দুটি গ্রেনেডসদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে প্রধান ফটক বন্ধ রেখে বিকল্প পথে চলাচলের ব্যবস্থা করা হয়।

তিনি জানান, পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যদের সহায়তায় পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে বস্তু দুটি নিষ্ক্রিয় করা হয়।

গাজিউর রহমান আরও জানান, পরীক্ষা-নিরীক্ষার পর বস্তু দুটির প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া যাবে। কারা কী উদ্দেশ্যে সেগুলো বিমানবন্দরের পাশে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ