‘সবুজ মাংস’ রহস্য দু'দিনেও উদঘাটন হয়নি, ল্যাব পরীক্ষার জন্য নমুনা জব্দ
খুলনার পাইকগাছায় রান্নার সময় গরুর মাংস অস্বাভাবিকভাবে সবুজ হয়ে যাওয়ার আলোচিত ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাটি নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে তদন্তে নেমেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ইতোমধ্যে রান্না করা মাংস ও কাঁচা মাংসের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ল্যাব পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।
২২ জুলাই (বুধবার) খুলনার পাইকগাছা পৌরসদরের মডার্ন বেকারিতে ঘটনাটি ঘটে। কর্মচারীদের মাসিক ভোজের জন্য স্থানীয় বাজার থেকে কেনা প্রায় চার কেজি গরুর মাংস স্বাভাবিক নিয়মে রান্না শুরু করার কিছুক্ষণ পরই সেটি নীলচে-সবুজ রঙ ধারণ করে। পরে কর্মচারীরা রান্না করা মাংস কড়াইসহ নিয়ে বিক্রেতা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানায় যান। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়।
মডার্ন বেকারির মালিকের ছেলে আব্দুল্লাহ জহির উদ্দিন বলেন, রান্নায় কোনো ধরনের ফুড কালার বা অতিরিক্ত রাসায়নিক ব্যবহার করা হয়নি। অন্যদিকে রান্নার দায়িত্বে থাকা খন্দকার টিটন হোসেন রাকিবের দাবি, সংরক্ষণের সময় মাংসে কোনো রাসায়নিক ব্যবহৃত হয়ে থাকতে পারে, যার প্রভাবে এমন ঘটনা ঘটেছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন মাংস বিক্রেতা ইসমাইল হোসেন। তিনি জানান, একই দিনের একই মাংস অন্য ক্রেতাদের কাছেও বিক্রি করা হয়েছিল এবং তার নিজের বাড়িতেও রান্না করে খাওয়া হয়েছে। কোথাও রঙ পরিবর্তনের ঘটনা ঘটেনি। তাই তার ধারণা, মাংস বিক্রির পর কোনো পর্যায়ে এই পরিবর্তন ঘটেছে।
উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মণ্ডল বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। রান্না করা মাংস ও সংশ্লিষ্ট নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার ফল হাতে না পাওয়া পর্যন্ত মাংসের রঙ পরিবর্তনের কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না।
তিনি আরও জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে জনস্বার্থ বিবেচনায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিজ উদ্যোগে বিষয়টি অনুসন্ধান করছে।
এদিকে স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা বলছেন, ঘটনাটি সাধারণ মানুষের মধ্যে মাংসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। তারা দ্রুত পরীক্ষার ফল প্রকাশ করে প্রকৃত কারণ জানানো এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
খাদ্যবিজ্ঞানীদের মতে, মাংস সবুজ হয়ে যাওয়ার পেছনে ব্যাকটেরিয়ার সংক্রমণ, সংরক্ষণজনিত সমস্যা, ধাতব রাসায়নিক বিক্রিয়া বা অন্য কোনো কারণ থাকতে পারে। তবে পাইকগাছার এই ঘটনার ক্ষেত্রে কোন কারণটি দায়ী, তা নিশ্চিত করবে পরীক্ষাগারের প্রতিবেদনই।
মতামত দিন