Views Bangladesh Logo

টানা ৫ ওভারই উইকেট-মেডেন, টেস্ট ইতিহাসে অলৌকিক বিশ্বরেকর্ড গ্রিভসের

টেস্ট ক্রিকেটে এক ওভারে রান না দিয়ে উইকেট নেওয়ার ঘটনা নতুন কিছু নয়, তবে পরপর পাঁচটি ওভারেই উইকেট-মেডেন; এমন কীর্তি এর আগে কখনো দেখা যায়নি। এবার টেস্ট ক্রিকেটে এমনই এক অবিশ্বাস্য রেকর্ড দেখলো বিশ্ব। ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে স্মরণীয় এক কীর্তি গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। তৃতীয় দিনের দুর্দান্ত বোলিংয়ে টানা পাঁচটি মেডেন ওভারে পাঁচ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে অনন্য এক বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৩১১ রানের জবাবে পাকিস্তান দ্বিতীয় দিনের খেলা শেষে ৩ উইকেটে ১৯৯ রান তুলে ভালো অবস্থানে ছিল। তৃতীয় দিন সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে সাবেক অধিনায়ক শান মাসুদ দুর্দান্ত সেঞ্চুরি করেন। তিনি ১৮৪ বলে ১০৯ রান করে দলের ইনিংসকে এগিয়ে নিচ্ছিলেন। তবে গ্রিভসের এক বিধ্বংসী স্পেলে মুহূর্তেই পাল্টে যায় ম্যাচের চিত্র।

ইনিংসের শুরুতে নিজের প্রথম ছয় ওভারে তেমন প্রভাব ফেলতে পারেননি গ্রিভস। কিন্তু এরপরই শুরু হয় তার অবিশ্বাস্য স্পেল। প্রথমে বোল্ড করেন শান মাসুদকে। এরপর টানা চার ওভারে একে একে ফেরান আমির জামাল, অভিষিক্ত আলি উসমান, মোহাম্মদ রিজওয়ান এবং মোহাম্মদ আব্বাসকে। এই পাঁচটি ওভারেই তিনি কোনো রান দেননি, বরং প্রতিটি ওভারেই একটি করে উইকেট তুলে নেন।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, টেস্ট ক্রিকেটে পরিসংখ্যান সংরক্ষণ শুরুর পর এই প্রথম কোনো বোলার টানা পাঁচটি উইকেট-মেডেন ওভার করার নজির গড়লেন। এর আগে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা চারটি উইকেট-মেডেন ওভার করেছিলেন। গ্রিভস সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখেছেন। এই স্পেলে ১১ ওভারে ৬টি মেডেনসহ মাত্র ২৭ রান দিয়ে ৫ উইকেট নেন গ্রিভস। এটি তার টেস্ট ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট শিকারও। তার দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তান প্রথম ইনিংসে ২৮২ রানে অলআউট হয়ে যায় এবং ওয়েস্ট ইন্ডিজ ২৯ রানের গুরুত্বপূর্ণ লিড পায়।

তবে ম্যাচে এখনো সুবিধাজনক অবস্থানে পুরোপুরি পৌঁছাতে পারেনি স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের খেলা শেষে ৭ উইকেটে ১২৬ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের সামগ্রিক লিড দাঁড়িয়েছে ১৫৫ রান, হাতে রয়েছে আর মাত্র তিনটি উইকেট। ফলে ম্যাচের চতুর্থ দিনে দুই দলের সামনেই লড়াইয়ের সুযোগ থাকছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ