হত্যাচেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন মার্কিন র্যাপার লিল ডার্ক
প্রতিদ্বন্দ্বী র্যাপারকে হত্যার উদ্দেশ্যে চুক্তিভিত্তিক হামলার অভিযোগ থেকে খালাস পেয়েছেন গ্রামি-বিজয়ী মার্কিন র্যাপার লিল ডার্ক। শুক্রবার (১১ সেপ্টেম্বর) লস অ্যাঞ্জেলেসের একটি ফেডারেল আদালত ২০২২ সালের একটি বহুল আলোচিত হত্যাকাণ্ডের মামলায় তাকে সব অভিযোগ থেকে নির্দোষ ঘোষণা করেন।
তবে এই মামলায় রেহাই পেলেও এখনই কারামুক্তি মিলছে না ৩৩ বছর বয়সী এই শিল্পীর। আগামী ৫ অক্টোবর থেকে তাঁর বিরুদ্ধে গ্যাং কার্যক্রম (র্যাকেটিয়ারিং) ও অবৈধ অস্ত্র সংক্রান্ত পৃথক আরেকটি মামলার বিচারকাজ শুরু হওয়ার কথা রয়েছে।
আদালতের নথি অনুযায়ী, ডার্ক ব্যাঙ্কস (লিল ডার্কের আসল নাম) তাঁর প্রতিদ্বন্দ্বী র্যাপার কোয়ান্দো রন্ডোকে লক্ষ্য করে প্রতিশোধমূলক একটি হত্যা পরিকল্পনা তৈরির অভিযোগে অভিযুক্ত ছিলেন। প্রসিকিউটরদের দাবি ছিল, ২০২০ সালে আটলান্টায় লিল ডার্কের ঘনিষ্ঠ বন্ধু ও সহ-শিল্পী কিং ভনের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই তিনি এই মূল চক্রান্তের নির্দেশ ও অর্থায়ন করেছিলেন।
পরিকল্পিত সেই হামলায় কোয়ান্দো রন্ডো বেঁচে গেলেও ২০২২ সালের আগস্টে লস অ্যাঞ্জেলেসের বেভারলি সেন্টারের কাছে একটি পেট্রোল পাম্পে অতর্কিত গুলিবর্ষণে নিহত হন তাঁর ২৪ বছর বয়সী খালাতো ভাই সাভিয়া অবিনসন।
মামলায় অপর দুই অভিযুক্ত ডিঅ্যান্ড্রে ডনটেল উইলসন এবং ডেভিড ব্রায়ান লিন্ডসে হত্যা-চুক্তির দায় থেকে অব্যাহতি পেলেও প্রাণঘাতী অস্ত্র নিয়ে পিছু ধাওয়া ও মৃত্যুর ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন। তবে মূল অভিযুক্ত ডার্ক ব্যাঙ্কসকে সব ধরনের অভিযোগ থেকে পুরোপুরি মুক্তি দেওয়া হয়।
শুনানি চলাকালে ডার্কের আইনজীবীরা যুক্তি দেন, ব্যাঙ্কসকে মুগ্ধ করার চেষ্টায় তাঁর এক সাবেক ব্যক্তিগত সহকারীই মূলত এই হামলার পরিকল্পনা করেছিলেন। এ ঘটনায় ডার্কের কোনো সম্পৃক্ততা ছিল না। নির্দোষ প্রমাণিত হওয়ার পর আদালত চত্বরে উপস্থিত ডার্কের সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন।
উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে ফ্লোরিডার একটি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছিল এই মার্কিন র্যাপারকে। শুরু থেকেই তিনি নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন।
মতামত দিন