পি কে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ৮ অক্টোবর
এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদার ও অন্য ১৩ জনের বিরুদ্ধে দায়ের করা অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলার রায় আগামী ৮ অক্টোবর ঘোষণা করবেন আদালত। দুদকের আইনজীবী মীর আহাম্মদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (৪ অক্টোবর) দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এদিন ধার্য করে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালত।
আসামিদের মধ্যে সুকুমার মৃধা, অনিন্দিতা মৃধা, অবন্তিকা বড়াল ও শংখ বেপারী কারাগারে আছেন। আজ শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। পি কে হালদারসহ ১০ জন পলাতক রয়েছেন। পলাতক থাকায় তারা আইনি লড়াই করতে পারেননি।
পলাতক অপর আসামিরা হলেন- পি কে হালদারের মা লিলাবতী হালদার, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রিতিশ কুমার হালদার, রাজিব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায় ও স্বপন কুমার মিস্ত্রি।
২০২০ সালের ৮ জানুয়ারি প্রায় ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পি কে হালদারের বিরুদ্ধে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে