জিপিএস ছাড়া মিলবে না নিবন্ধন-ফিটনেস, আজ থেকে গণপরিবহনে নতুন বাধ্যবাধকতা
দেশের সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ও নজরদারি জোরদারে আজ শনিবার (১ আগস্ট) থেকে সব ধরনের গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস স্থাপন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। এখন থেকে নতুন যানবাহনের নিবন্ধন কিংবা ফিটনেস সনদ প্রদান ও নবায়নের ক্ষেত্রে জিপিএস সংযোজনের প্রমাণ এবং সেটি কার্যকর রয়েছে কি না, তা মোবাইল অ্যাপের মাধ্যমে দেখাতে হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গণপরিবহনের চলাচল পর্যবেক্ষণ, রুট ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল না থাকলে ওই যানবাহনের নিবন্ধন, ফিটনেস সনদ প্রদান কিংবা নবায়নের আবেদন গ্রহণ করা হবে না। এ কারণে পরিবহন মালিক ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
তবে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম খান বলেছেন, বিভিন্ন পরিবহন প্রতিষ্ঠানের সঙ্গে জিপিএস সংযোজনের বিষয়ে ইতোমধ্যে চূড়ান্ত চুক্তি হয়েছে। কিন্তু প্রথম দিন থেকেই দেশের সব গণপরিবহনে এটি শতভাগ বাস্তবায়ন সম্ভব হবে না। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে আরও কিছু সময় প্রয়োজন হবে।
অন্যদিকে, রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের মতে, শুধু প্রযুক্তি সংযোজন করলেই সড়ক নিরাপত্তায় কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। এর পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহি ও প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে। প্রযুক্তির সঙ্গে সুশাসনের সমন্বয় ঘটাতে পারলেই এ উদ্যোগের প্রকৃত সুফল পাওয়া যাবে।
বিআরটিএ চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, নতুন নিবন্ধনের জন্য আসা প্রতিটি গণপরিবহনে জিপিএস সংযুক্ত থাকা বাধ্যতামূলক করা হয়েছে। একই নিয়ম ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। বিষয়টি যাচাইয়ের জন্য বিআরটিএ নিজস্ব প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালু করছে, যার মাধ্যমে কোনো যানবাহনে জিপিএস সংযুক্ত ও সচল রয়েছে কি না, তা সহজেই নিশ্চিত করা যাবে।
মতামত দিন