Views Bangladesh Logo

গণপরিবহনে নজরদারিতে আসছে জিপিএস, কার্যকর ১ আগস্ট থেকে

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) বাধ্যতামূলক করা হচ্ছে। নতুন এ সিদ্ধান্ত আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।

সম্প্রতি এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। প্রতিষ্ঠানটি জানায়, এ সংক্রান্ত প্রজ্ঞাপন গত ১১ জুন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত করতে হবে এবং তা সার্বক্ষণিকভাবে সচল রাখতে হবে।

জিপিএস সংযুক্তির কারিগরি বিবরণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) স্থানীয় অফিস থেকে সরাসরি অথবা সংস্থাটির ওয়েবসাইট www.brta.gov.bd থেকে পাওয়া যাবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী গণপরিবহনে জিপিএস সংযুক্তকরণ নিশ্চিত করার পরই রেজিস্ট্রেশন প্রদান ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।

পরিবহন খাতের বিশেষজ্ঞদের মতে, জিপিএস ট্র্যাকিং চালু হলে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং নির্ধারিত রুট ছাড়া যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা সহজ হবে। একই সঙ্গে দুর্ঘটনা বা অনিয়ম ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। তবে নতুন এই ব্যবস্থা কার্যকর করতে পরিবহন মালিকদের পর্যাপ্ত সময় ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে জানা গেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ