Views Bangladesh Logo

সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান বিদেশি কূটনীতিকদের জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসবাদ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সরকারের কঠোর অবস্থানের সঙ্গে একমত পোষণ করেছেন ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকরা। একই সঙ্গে সরকারের নীতিমালা, দেশের সামগ্রিক পরিস্থিতি, বিনিয়োগ পরিবেশ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাদের অবহিত করেছে সরকার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব বিষয় তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, সরকারের নীতিগত অবস্থান, বিভিন্ন কর্মসূচি এবং সেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে কূটনীতিকদের বিস্তারিত জানানো হয়েছে। বিশেষ করে বিনিয়োগ ও দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারের অবস্থান তুলে ধরে হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে উপস্থিত কূটনীতিকরা সরকারের সঙ্গে একমত হয়েছেন। বাংলাদেশের জনগণও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান চায়। সন্ত্রাসবাদ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এ প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ।

তিনি বলেন, সরকার সহনশীলতা ও সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার নীতিতে বিশ্বাসী। জনগণকে সরকারের কার্যক্রম সম্পর্কে অবহিত রাখার পাশাপাশি উন্মুক্ত সংলাপের মাধ্যমে বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে চায়। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, সাইবার আইন ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে বিদেশি কূটনীতিকদের পৃথকভাবে ব্রিফ করা হচ্ছে। এসব আলোচনায় সংশ্লিষ্ট বিষয়ে সরকারের নীতিগত অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাখ্যা করা হচ্ছে।

বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিক আলোচনার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এ লক্ষ্যে বিভিন্ন দেশের দূতাবাসে কর্মরত কূটনীতিকদের সঙ্গে বৈঠক করা হবে। সরকারের বহুমুখী নীতি, অর্থনৈতিক পরিকল্পনা এবং উন্নয়ন ভাবনা তুলে ধরাই এসব উদ্যোগের লক্ষ্য।

বছরের শেষ দিকে সব দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পৃথকভাবে বৈঠক করা সম্ভব না হওয়ায় সম্মিলিতভাবে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে বলে জানান হুমায়ুন কবির। তিনি বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের প্রায় নয় মাস পর বিভিন্ন বিষয়ে বিদেশি প্রতিনিধিদের সঙ্গে নিজেদের অবস্থান ও দৃষ্টিভঙ্গি বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।

বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের কাছে কোনো উদ্বেগ তুলে ধরা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ব্রিফিংয়ের আলোচ্যসূচিতে এ ধরনের কোনো বিষয় ছিল না। সরকারের নীতিমালা এবং সেগুলোর বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে বিদেশি প্রতিনিধিদের হালনাগাদ তথ্য জানানোই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য।

ব্রিফিংয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ