Views Bangladesh Logo

শিক্ষা খাত আধুনিকায়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, যুগোপযোগী ও বাস্তবমুখী করতে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষা নয়, শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সৃজনশীল বিকাশ নিশ্চিত করতেও সরকার গুরুত্ব দিচ্ছে।

আগামীকাল অনুষ্ঠিতব্য প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বাণীতে প্রধানমন্ত্রী জানান, সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষা খাতের আধুনিকায়ন, পরিমার্জন এবং সময়োপযোগীকরণে কাজ চলছে। এরই ধারাবাহিকতায় জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, চতুর্থ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত ধাপে ধাপে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে ও সাঁতারের মতো খেলাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। শুধু তাত্ত্বিক শিক্ষা নয়, ব্যবহারিক ক্লাস ও মূল্যায়নের মাধ্যমেও শিক্ষার্থীদের এসব ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে পাঠ্যবিষয়ের পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের গুরুত্ব অপরিসীম।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ততা বাড়লে মাদকাসক্তি, মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তিসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।

বাণীতে প্রধানমন্ত্রী জানান, এ বছরের টুর্নামেন্টে বালক ও বালিকা দল সমান সুযোগ নিয়ে অংশগ্রহণ করেছে। সারা দেশে বালক ও বালিকা বিভাগ মিলিয়ে মোট ১ লাখ ২৩ হাজার ৯৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আয়তন ও অংশগ্রহণের দিক থেকে এই আয়োজন বিশ্বের বৃহত্তম ফুটবল টুর্নামেন্টগুলোর একটি বলে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করছে। এর ফলে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ছেলে-মেয়েরা বিশেষ করে ফুটবলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে।

বাণীর শেষাংশে তিনি আশা প্রকাশ করে বলেন, এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী শিশুরাই আগামী দিনের উজ্জ্বল মুখ হয়ে দেশকে আন্তর্জাতিক পরিসরে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

একই সঙ্গে তিনি ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর সার্বিক সাফল্য কামনা করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ