গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহিমূলক সাংবাদিকতা নিশ্চিত করবে সরকার: তথ্যমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহিমূলক সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সব অংশীজনকে সঙ্গে নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে আনা সম্ভব হয়েছে, যা ভবিষ্যতে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।
তিনি আরও বলেন, সরকার এ প্রক্রিয়ায় সমন্বয়কারীর ভূমিকা পালন করবে। গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ ভবিষ্যতের সংস্কার কার্যক্রমের জন্য একটি কার্যকর পথরেখা তৈরি করবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানই ভুলের ঊর্ধ্বে নয়। তাই দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে সরকারের ভুল-ত্রুটি তুলে ধরা প্রয়োজন, যাতে সেগুলো সংশোধনের সুযোগ সৃষ্টি হয়।
মতামত দিন