Views Bangladesh Logo

বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে কাজ করছে সরকার: বিবিসিকে ড. ইউনুস

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বলেছেন, ‘একটি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ’ করাই তার প্রশাসনের প্রধান লক্ষ্য। সম্প্রতি বিবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে দেশের বর্তমান চ্যালেঞ্জ, অর্জন ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অস্থিরতা যখন চরমে, তখন শিক্ষার্থী নেতৃবৃন্দের আহ্বানে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণ করেন তিনি। নতুন সরকারের অগ্রাধিকারে রয়েছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, আইন-শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং কূটনৈতিক ও মানবিক সংকটের শান্তিপূর্ণ সমাধান।

ড. ইউনুস জানান, বিদেশি সাহায্য বন্ধ থাকলেও বাংলাদেশ এখন স্বনির্ভরতার পথে হাঁটছে। দেশের অভ্যন্তরীণ সম্পদ ও অর্থায়নের ওপর নির্ভর করেই চলমান সংকট মোকাবিলার চেষ্টা করা হচ্ছে। তার মতে, এটি কঠিন কিন্তু প্রয়োজনীয় ধাপ।

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন সম্প্রতি বাংলাদেশের পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি গুরুতর সিদ্ধান্ত।’ তবে তিনি বিশ্বাস করেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমে এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব। তিনি এটিকে চ্যালেঞ্জের পাশাপাশি একটি সম্ভাবনার ক্ষেত্র হিসেবেও দেখছেন—যেখানে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে সুযোগ রয়েছে।

যুক্তরাজ্য বাংলাদেশকে দীর্ঘদিন ধরে সাহায্য দিয়ে আসছে। তবে হঠাৎ বিদেশি সহায়তা স্থগিত হওয়ায় টেকসই উন্নয়ন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ বিষয়ে ড. ইউনুস বলেন, ‘আমরা আত্মনির্ভরতার দৃষ্টান্ত তৈরি করতে চাই।’

দেশের অভ্যন্তরে অন্তর্বর্তী সরকার কিছু অগ্রগতি অর্জন করেছে বলে দাবি করেন তিনি। এর মধ্যে রয়েছে আইন-শৃঙ্খলার উন্নতি, রাজনৈতিক সহিংসতা কমে আসা এবং প্রশাসনিক সংস্কারে কার্যকর পদক্ষেপ।

সাক্ষাৎকারে আলোচিত অন্যান্য বিষয়ের মধ্যে ছিল ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, শেখ হাসিনার চলমান আইনি প্রক্রিয়া এবং রোহিঙ্গা সংকট। এসব বিষয়ে সরকার স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে বলে জানান প্রধান উপদেষ্টা।

সাক্ষাৎকারের শেষভাগে ড. ইউনুস বলেন, নতুনভাবে নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার পর আমি পদত্যাগ করব এবং আগের কাজেই ফিরে যাব।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ