আগামী বছর সাদপন্থিরা টঙ্গীতে ইজতেমা করতে পারবে না: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
গাজীপুরের টঙ্গী ময়দানে আগামী বছর থেকে আর বিশ্ব ইজতেমার আয়োজন করতে পারবেন না তাবলিগ জামাত বাংলাদেশের সাদপন্থিরা— এমন শর্তে আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজন করার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এবার বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য তিনটি সিদ্ধান্তের কথা প্রজ্ঞাপনে উল্লেখ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সেগুলো হলো- ১. তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ী নিজামের অনুসারীরা (মাওলানা মোহাম্মদ জুবায়ের) ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া ইজতেমা ৫ ফেব্রুয়ারি সম্পন্ন করে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ মাগরিব ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন।
২. তাবলিগ জামাত বাংলাদেশ (মাওলানা সা'দ সাহেবের অনুসারী)-এর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার পর ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব তারা ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন।
তবে আগামী বছর থেকে তারা বিশ্ব ইজতেমা ও তাবলিগের কোনো কার্যক্রম টঙ্গীর ইজতেমা ময়দানে করতে পারবেন না। এই শর্ত পূরন সাপেক্ষে শুধুমাত্র ১৪-১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ইজতেমা করতে পারবেন।
৩. আগামী ২০ ফেব্রুয়ারি ইজতেমা ময়দান শুরায়ী নিজামের নিকট হস্তান্তর করা হবে।
তবে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়নি সাদপন্থিরা আগামী বছর অন্য কোনো স্থানে ইজতেমা আয়োজন করতে পারবেন কিনা।
বিশ্ব ইজতেমা এ বছরের ৩১ জানুয়ারি শুরু হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে