দেড় ঘণ্টা অচল থাকার পর সচল সরকারি বিভিন্ন ওয়েবসাইট
প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ওয়েবসাইট প্রায় দেড় ঘণ্টা অচল থাকার পর আবার স্বাভাবিক হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ওয়েবসাইটগুলোতে প্রবেশে সমস্যা দেখা দিলেও বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে সেগুলো পুনরায় সচল হয়।
সমস্যার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং তথ্য অধিদপ্তরের (পিআইডি) ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে ব্যবহারকারীরা বারবার ব্যর্থ হন। স্ক্রিনে ‘Error 503 Backend fetch failed’ এবং ‘Guru Meditation’-সংক্রান্ত বার্তা প্রদর্শিত হচ্ছিল।
শুধু এসব ওয়েবসাইটই নয়, সরকারের gov.bd ডোমেইনের আওতাধীন আরও কয়েকটি ওয়েবসাইটেও একই ধরনের ত্রুটি দেখা দেয়।
তবে বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে অচল থাকা ওয়েবসাইটগুলো আবার ব্যবহারযোগ্য হয়ে ওঠে এবং স্বাভাবিকভাবে প্রবেশ করা সম্ভব হয়।
এ বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ জানান, সমস্যার উৎস শনাক্ত করা হয়েছে। তাঁর ভাষ্য, বিদ্যুৎ-সংক্রান্ত সমস্যার কারণেই এই ত্রুটি দেখা দিয়েছিল। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা হয়েছে এবং সেবাও পুনরায় চালু হয়েছে।
মতামত দিন