সাকিবের বিষয়ে সরকার আগে নমনীয় ছিল, এখন সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রিকেটার সাকিব আল হাসানের দেশে ফেরা প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, তার বিষয়ে সরকার আগে নমনীয় ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সেই সুযোগ আর নেই।
শুক্রবার (৭ আগস্ট) সাকিব আল হাসানের সাক্ষাৎকার প্রকাশের পর প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে এ কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
আমিনুল হক বলেন, সাকিব আল হাসানের বিষয়ে আমরা নমনীয় ছিলাম। সে যদি খেলার জন্য দেশে আসত, তাহলে আমরা তার বিষয়ে নমনীয় হয়ে সব দেখতাম। সেভাবেই বিষয়টির ওপর আমাদের দৃষ্টি ছিল। কিন্তু বর্তমান অবস্থায় এখন আর তা সম্ভব নয়।
সাকিবের দেশে ফেরার ক্ষেত্রে সরকারের অসহযোগিতার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এখানে অসহযোগিতার কিছু নেই। আমি বারবারই বলেছি, সাকিবের বিষয়টি নমনীয় হয়ে দেখা হবে। আমি নিজে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, যেন আইনি প্রক্রিয়াগুলো নমনীয়ভাবে চলে। এরপরও অসহযোগিতার কিছু দেখতে পাইনি। এছাড়া সাকিব তো দেশে ফিরে আইনি লড়াইয়ে নামেননি।
তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক অবস্থানের কারণে স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিব আল হাসানের দেশে ফেরার সুযোগ নেই।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, যে স্বৈরাচারের সঙ্গে আছে, তার তো আর আসার সুযোগ আছে বলে মনে হয় না। সে পুরোপুরি একজন রাজনীতিবিদ হিসেবে অবস্থান নিয়েছে। একজন খেলোয়াড় হিসেবে যেটা আমরা চিন্তা করছিলাম, আমরা নমনীয় ছিলাম। এখন আর নমনীয়তার কোনো সুযোগ নেই। সে যদি আসে, তাহলে আইনগতভাবে লড়াই করতে হবে।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব আল হাসান জানিয়েছিলেন, সরকারের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পেলে তিনি দেশে ফিরে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত।
মতামত দিন