সাংবাদিকতার সংজ্ঞা ও নীতিমালা তৈরি করতে চায় সরকার: তথ্যমন্ত্রী
তথ্য প্রবাহের অবারিত স্রোত থেকে বস্তুনিষ্ঠ তথ্য আলাদা করাই বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গণমাধ্যমের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা ও পরিচ্ছন্ন কাঠামো তৈরি করতে চায় সরকার। এ লক্ষ্যে সাংবাদিকদের ওয়েজবোর্ড বাস্তবায়ন এবং টেলিভিশন রেটিং পয়েন্টে (টিআরপি) স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ‘বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে প্রতিদিন বিপুল পরিমাণ তথ্য তৈরি ও ছড়িয়ে পড়ছে। এসব তথ্যের মধ্য থেকে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য চিহ্নিত করাই এখন বড় চ্যালেঞ্জ। তাই সাংবাদিকতা পেশার একটি সুস্পষ্ট সংজ্ঞা ও কাঠামো নির্ধারণ করা জরুরি হয়ে পড়েছে।
তিনি বলেন, সাংবাদিকতার সংজ্ঞা ও রূপরেখা তৈরির ক্ষেত্রে সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। কারণ, পেশাটির ভবিষ্যৎ কাঠামো নির্ধারণে সাংবাদিকদের মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাংবাদিকদের অধিকার ও কল্যাণের বিষয়ে জোর দিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, সরকার সাংবাদিকদের জন্য একটি স্থায়ী ও স্বচ্ছ কাঠামো তৈরিতে কাজ করছে। এর অংশ হিসেবে ওয়েজবোর্ড বাস্তবায়ন ও গণমাধ্যমের সার্বিক নীতিমালা প্রণয়ন নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করা হয়েছে।
তিনি জানান, ইলেকট্রনিক গণমাধ্যমের টিআরপি ব্যবস্থায় যে অনিয়মের অভিযোগ রয়েছে, তা দূর করে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
দায়িত্বশীল সাংবাদিকতা টিকিয়ে রাখার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, পেশাগত মান বজায় রাখা এবং একটি কার্যকর ও পেশাদার গণমাধ্যম পরিবেশ তৈরিতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বরিশাল বিভাগের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতামত দিন