শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদন যাচাই করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিতে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে প্রকাশিত খবর সরকার যাচাই করে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, এসব খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় বিষয়টি দেখছে।
আন্তর্জাতিক গণমাধ্যমে দণ্ডিত হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদনের খবর প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, দুটি মন্ত্রণালয়ই বিষয়টি খতিয়ে দেখছে। আবেদনের আইনি ভিত্তি কী, তা যথাযথভাবে জমা দেওয়া হয়েছে কি না এবং এসব নথির জন্য আবেদনের আইনগত অধিকার হাসিনার আছে কি না, তা তারা পর্যালোচনা করবে।
সরকারি কোনো বক্তব্য দেওয়ার আগে পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন ও এনআইডি-সংক্রান্ত আইনের প্রাসঙ্গিক ধারাও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সরকারি উদ্যোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি বর্তমানে যে দেশে অবস্থান করছেন, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় কূটনৈতিক মাধ্যমে সেই দেশের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে।
তিনি বলেন,'প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠিয়ে আইন অনুযায়ী দণ্ডিত পলাতক আসামিকে ফেরত দিতে অনুরোধ জানানো হয়েছে।
মতামত দিন