Views Bangladesh Logo

ধর্মীয় উগ্রবাদ ঠেকাতে মডেল মসজিদকে কাজে লাগাচ্ছে সরকার: সংসদে ধর্মমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার কিছু এলাকায় তরুণদের ধর্মীয় উগ্রবাদ, অপপ্রচার ও সামাজিক বিভাজন থেকে দূরে রাখতে স্থানীয় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলোকে কার্যকরভাবে ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

সোমবার (১৩ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

রুমিন ফারহানা জানতে চান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার আংশিক এলাকায় ধর্মীয় উগ্রবাদ ও সামাজিক বিভাজন প্রতিরোধে তরুণদের জন্য সচেতনতামূলক ধর্মীয় শিক্ষা ও সম্প্রীতি কার্যক্রম গ্রহণে সরকার কী পদক্ষেপ নিয়েছে।

জবাবে ধর্মমন্ত্রী বলেন, ওই এলাকার সামাজিক শান্তি, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনা অক্ষুণ্ন রাখতে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তরুণদের ইসলামের প্রকৃত শান্তির বাণী, নৈতিক শিক্ষা ও সহনশীলতার চর্চায় উদ্বুদ্ধ করতে স্থানীয় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলোকে কেন্দ্র করে কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি জানান, স্থানীয় আলেম-ওলামা, ইমাম ও খতিবদের মাধ্যমে জুমার খুতবা, ধর্মীয় সেমিনার ও সম্প্রীতি সভার আয়োজন করা হচ্ছে। এসব কর্মসূচিতে উগ্রবাদ, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণার ক্ষতিকর দিক সম্পর্কে তরুণদের সচেতন করা হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, বিভিন্ন ধর্মের নেতাদের অংশগ্রহণে আন্তধর্মীয় সংলাপ ও সম্প্রীতি সমাবেশ নিয়মিত আয়োজন করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট সংসদ সদস্যের পরামর্শ ও সহযোগিতায় যুবসমাজের জন্য নৈতিক শিক্ষা ও সামাজিক সম্প্রীতি বিষয়ক কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

তিনি জানান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে পুরোহিত ও সেবাইতদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ছাত্র-যুবকদের জন্য নীতি-নৈতিকতা ও সম্প্রীতিবিষয়ক কর্মশালা নিয়মিত আয়োজন করছে।

ধর্মমন্ত্রী বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণের উদ্যোগও নেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ