Views Bangladesh Logo

বৈশ্বিক জ্বালানি সংকট

ব্যক্তিগত যানবাহন কমিয়ে গণপরিবহন ব্যবহারের নির্দেশনা

 VB  Desk

ভিবি ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বিঘ্ন দেখা দেওয়ায় দেশের জ্বালানি খাতেও প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এক জরুরি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

সভায় জানানো হয়, বিভিন্ন সম্ভাব্য উৎস থেকে নির্ধারিত সময় ও পরিমাণে জ্বালানি সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে দেশের অভ্যন্তরে বর্তমান চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটতে পারে অথবা সরবরাহে সমন্বয়ের প্রয়োজন হতে পারে। এর প্রভাবে বিদ্যুৎ ও সারের উৎপাদন কিছুটা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে পবিত্র মাহে রমজানে জনদুর্ভোগ কমাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছে মন্ত্রণালয়।

পরিস্থিতি সামাল দিতে সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হয়েছে। বিশেষ করে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। জ্বালানি সাশ্রয়ে দায়িত্বশীল আচরণ এবং বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

জরুরি নির্দেশনায় খোলাবাজারে ডিজেল ও পেট্রল বিক্রয় বন্ধ রাখতে ব্যবসায়ী ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জ্বালানি পাচার রোধে জেলা প্রশাসন, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বৈশ্বিক পরিস্থিতির নেতিবাচক প্রভাব কমিয়ে আনতে সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহ স্বাভাবিক রাখতে উদ্যোগ অব্যাহত রয়েছে। সরকারের পদক্ষেপ সফল করতে জনগণকে ধৈর্যধারণ ও সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

সভায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, বিপিসি ও পিডিবির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ