ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেওয়া হবে: প্রধানমন্ত্রী
দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারি বৃষ্টিপাত ও সম্ভাব্য বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে আগামী তিন মাস সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৯ এপ্রিল) সংসদে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। তিনি জানান, চলমান আবহাওয়ার পরিস্থিতি ও বন্যার ঝুঁকি বিবেচনায় কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে বিশেষ সহায়তা কার্যক্রম নেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, হাওরাঞ্চসহ বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিপাতে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্তদের তালিকা করে আগামী তিন মাস তাদের সহায়তা দেওয়া হবে।
তিনি আরও জানান, এর আগে আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় স্থানীয় প্রশাসনকে আগাম সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছিল, যাতে বৃষ্টিপাত ও পানির কারণে কৃষকের ক্ষতি কমানো যায়।
এ সময় তিনি হাওর অঞ্চলের কৃষকদের দুর্ভোগকে বেদনাদায়ক বলে উল্লেখ করেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করে সহায়তা কার্যক্রম শুরু করার নির্দেশ দেন।
সরকারি সূত্র অনুযায়ী, সহায়তা কার্যক্রমের আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি, জরুরি ত্রাণ সহায়তা এবং পুনর্বাসন পরিকল্পনা অন্তর্ভুক্ত থাকবে।
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারণে ইতোমধ্যে দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কৃষিজমি তলিয়ে যাওয়ায় বহু এলাকায় বোরো ধান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে